কানাডার সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে তিনি অন্টারিও প্রদেশের টরোন্টো স্কারবোরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনে জয়ী হন। বিষয়টি নিশ্চিত করেছে সিবিসি নিউজ।
নির্বাচনে জয়ী হওয়ার পর ডলি বেগমকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলিকে অভিনন্দন। তিনি বলেন, ডলি তার কমিউনিটির জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং তার অভিজ্ঞতা ও নেতৃত্ব একটি শক্তিশালী ও ন্যায়সঙ্গত কানাডা গঠনে ভূমিকা রাখবে।
লিবারেল পার্টিও এক্সে পৃথক পোস্টে ডলিকে অভিনন্দন জানিয়েছে।
১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন ডলি বেগম। তিনি পেশায় রাজনীতিবিদ এবং এর আগে অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লিবারেল পার্টির এমপি হওয়ার আগে তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিত্ব করতেন। ২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে কোনো প্রাদেশিক বা ফেডারেল রাজনৈতিক পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন।





