ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা‑৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

\r\n

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার পর হাদিকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

\r\n

এর আগে দুপুরের দিকে হাদি গুলিবিদ্ধ হন এবং দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়।

\r\n

শরিফ ওসমান হাদি গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেন, বিদেশি নম্বর থেকে কল ও বার্তার মাধ্যমে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছিল।

\r\n

ফেসবুক পোস্টে হাদি লিখেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যে তার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট আসে। তিনি দাবি করেন, তাকে নজরদারিতে রাখা হচ্ছে এবং তার পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।

\r\n

ওই পোস্টে হাদি আরও লেখেন, তিনি ন্যায়বিচারের লড়াই থেকে পিছিয়ে আসবেন না। তার ভাষ্য অনুযায়ী, এক আবরারের হত্যার মধ্য দিয়ে হাজারো প্রতিবাদী কণ্ঠ তৈরি হয়েছে, তাকে হত্যা করা হলেও আরও অনেক হাদি তৈরি হবে।

\r\n

তিনি আরো লিখেছিলেন, লড়াই চালিয়ে যেতে তিনি আল্লাহর কাছে সাহস ও শক্তি চান এবং নিজের পরিবারসহ সহযোদ্ধাদের আল্লাহর কাছে সোপর্দ করছেন।

\r\n

গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই।