নারী কাবাডি বিশ্বকাপে প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক নিশ্চিত করল বাংলাদেশ। শনিবার (২২ নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০–৩১ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে স্বাগতিকরা। আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়।


ম্যাচের প্রথমার্ধে থাইল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়াই করে বাংলাদেশ। এ সময় রেইডার শ্রাবণী মল্লিক চোটে পড়ে মাঠ ছাড়লে দুশ্চিন্তা তৈরি হয়। তবে কয়েক মিনিট পর তিনি ফিরেই এক রেইডে দুই পয়েন্ট এনে প্রথমার্ধে ব্যবধান বাড়ান। বিরতিতে বাংলাদেশের লিড দাঁড়ায় ১৪–১২।


দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী খেলেন শ্রাবণী। তার ধারাবাহিক সফল রেইডে দ্রুতই পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। শেষ দিকে থাইল্যান্ড চেষ্টা করলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায় না স্বাগতিকরা এবং নিশ্চিত করে দারুণ জয়।


এদিন আরও একটি সেমিফাইনাল নিশ্চিত হয় গত আসরের রানার্সআপ ইরানের। নেপালকে ৩৯–১১ ব্যবধানে হারায় তারা। এর আগে শুক্রবার উগান্ডাকে ৫১–১৬ পয়েন্টে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ চারে জায়গা করে নেয় ভারত।