মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ না পাওয়া প্রবাসপ্রত্যাশীরা আবারও রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভে নেমেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা এলাকায় কয়েকশো কর্মী সড়ক অবরোধ করে দাবি আদায়ের কর্মসূচি শুরু করেন।

বিক্ষোভকারীদের নেতৃত্বে থাকা মাইন উদ্দিন বাবু বলেন, “আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।”

অংশগ্রহণকারী মো. কাওসার জানান, তাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে মালয়েশিয়ায় যাওয়ার কথা থাকলেও এখনো তা সম্ভব হয়নি। প্রতিজনের খরচ ৫-৬ লাখ টাকা, যার বেশির ভাগই ঋণ করে জোগাড় করতে হয়েছে।

প্রবাসপ্রত্যাশী শ্রমিকরা পাঁচ দফা দাবি তুলেছেন:

৩১ মে’র আগে যাদের ই-ভিসা ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, তাদের দ্রুত মালয়েশিয়ায় পাঠাতে হবে।

সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।

দ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা করে লিখিত স্মারকলিপি প্রদান করতে হবে।

সেই স্মারকলিপি প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

প্রবাসপথে দীর্ঘ অচলাবস্থা ও অনিশ্চয়তা নিয়ে ক্ষুব্ধ এই কর্মীরা জানিয়েছেন, দাবিগুলো মানা না হলে তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।