নানা অনিয়নের অভিযোগ তুলে চলমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে তিনজন বিএনপি-পন্থী শিক্ষক সরে দাঁড়িয়েছেন।

শিক্ষক ড. নাহরীন ইসলাম খান অভিযোগ করেন, ভোট প্রদানের সময় আঙুলে অমোচনীয় কালি ব্যবহার করার কথা থাকলেও ব্যবহারকৃত কালি দ্রুত উঠে যাচ্ছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ তিনি পেয়েছেন। তিনি আরও বলেন, ভোটের নিয়ম অনুযায়ী হাতে ব্যালট পেপার ও কালি দেওয়া হওয়ার পর ভোট বাক্সে দেওয়া উচিত। তবে ভোট দেওয়ার পর বাইরে থেকে কেউ তাদের হাতে কালি লাগাচ্ছে বলে অভিযোগ এসেছে।

ড. নাহরীন জানান, তিনি দায়িত্বপ্রাপ্ত হলে রিটার্নিং কর্মকর্তা কোনও সহযোগিতা করেননি। বিষয়টি জানাতে চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলরের সঙ্গে যোগাযোগ করেছেন। এমনকি দুই ঘণ্টা ভোট স্থগিত রাখার চেষ্টা করেছিলেন। তবে জাল ভোট মেনে নিতে না পারায় তিনি এবং সহকর্মী শিক্ষকরা নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ান।