ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি থাকা জনপ্রিয় গায়ক মাঈনুল আহসান নোবেল কারাগারে বিয়ে করেছেন মামলার বাদী ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী ইসরাত জাহান প্রিয়াকে।

\r\n

বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় উভয় পক্ষের স্বজন ও সাক্ষীরাও উপস্থিত ছিলেন বলে কারা সূত্রে জানা গেছে।

\r\n

এর আগে, ১৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারে কাবিননামা সম্পাদনের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

\r\n

উল্লেখ্য, গত ২০ মে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হন গায়ক নোবেল। অভিযোগে বলা হয়, নোবেল সাত মাস ধরে এক বাসায় আটকে রেখে প্রিয়াকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেছেন।

\r\n

মামলার বাদী প্রিয়া দাবি করেছিলেন, নোবেলের সঙ্গে তার বিয়ের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তা বাস্তবায়ন না করে বরং তিনি প্রতারণা করেন।

\r\n

অন্যদিকে, গ্রেফতারের দিন নোবেলের আইনজীবী দাবি করেন, প্রিয়া নোবেলের বৈধ স্ত্রী, তাই ধর্ষণের অভিযোগ প্রযোজ্য নয়। তবে আদালতে সে সময় কোনো কাবিননামা উপস্থাপন করতে পারেননি আইনজীবী জসিম উদ্দিন।

\r\n

বর্তমানে গায়ক নোবেল নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় বিচারাধীন অবস্থায় কারাবন্দি রয়েছেন। বিয়ের পরও মামলার কার্যক্রম কীভাবে এগোবে, তা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।