মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে মাদক নির্মূল ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখার প্রত্যয়ে এক বর্ণাঢ্য মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় কালাই মডেল মসজিদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার ও সকল প্রতিষ্ঠানে সমন্বিত উদ্যোগ জরুরি
জেলা প্রশাসক মামুন মিয়া
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া। তিনি বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়—পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে সমন্বিত উদ্যোগ জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদা। তিনি জোর দিয়ে বলেন, “মাদকের শিকড় নির্মূল করতে হলে আইনি প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারকে সন্তানের আচরণে নজর রাখতে হবে।”
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম মাদকের বিস্তার, পাচারের কৌশল এবং প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা'র সভাপতিত্বে উপস্তিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শাকিল আহমেদ, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল–কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, পরিবারের ভাঙন, শিক্ষার্থীদের ঝুঁকি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সক্রিয়তার সম্পর্কসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তারা ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে নিয়মিত ক্যাম্পেইন ও বিদ্যালয়ভিত্তিক সচেতনতা কর্মসূচি চালুর পরামর্শ দেন।
সভা শেষে শিক্ষার্থীদের উদ্দেশে ‘মাদককে না বলি—সুস্থ জীবন গড়ি’ শীর্ষক শপথবাক্য পাঠ করা হয়।
কালাই উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।





