জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল ও আওড়া  গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ দুই গ্রামের কমপক্ষে ০৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরসভার সড়াইল গ্রামের মফিদুল খন্দকার  (৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক  (৬০), জান্নাতুন (০৫), ববিতা (৩০) আব্দুর রশিদ (৫৫), আওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০) আতিক(২০), সবুজ(২৫) সহ ০৯জন। আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১ জনকে জয়পুরহাট সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

আহত মহিদুল খন্দকার বলেন, এশার নামাজ পড়তে যাচ্ছিলাম মসজিদে পথিমধ্যে একটি শিয়াল কামড় দিয়ে দ্রুত চলে গেল।

আবু বক্কর বলেন, বাড়িতে টিউবয়েলে পানি নিতে যাওয়ার সময় একটি শিয়াল কামড় দেয়।

আওড়া গ্রামের সবুজ, আতিক, মোস্তাফিজার বলেন, রাস্তায় বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি শিয়াল একে একে সবাইকে কামড় দিয়ে চলে গেল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার লিনা জানান, শেয়ালের কামড়ে  আক্রান্ত হয়ে বেশ কিছু লোক এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্ক টিকা এখান থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে একজন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার কানে বেশ বড় ক্ষত হয়েছিল। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।