খুলনা-৫ আসনের জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কারাগার থেকে সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে কালো টাকার মাধ্যমে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ভোট কিনতে ব্যর্থ হলে কারাগার থেকে সন্ত্রাসীরা ছাড়া হচ্ছে এবং তারা ভোটগ্রহণের দিনে অন্য প্রতীকে ভোট দিতে ভোটারদের চাপ দিতে পারে। তিনি প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ভোটারদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সক্রিয়ভাবে ভোট দেওয়ার তাগিদ দেন।

ইনকিলাব মঞ্চের উপর পুলিশের হামলার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় ইনকিলাব মঞ্চ এবং সরকারি কর্মচারীদের আন্দোলন যৌক্তিক। তাদের উপর হামলা করা ঠিক হয়নি, আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করা যেত। তবে ভোটের কয়েকদিন আগে এই ধরনের আন্দোলন হওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।