কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সীমান্তে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

\r\n

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, পাকিস্তানি সেনারা ভারতীয় চৌকির দিকে গুলি চালালে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালায়। ভারতীয় সামরিক সূত্রের দাবি, পাকিস্তানি বাহিনী ছোট অস্ত্র ব্যবহার করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

\r\n

সূত্রটি আরও জানায়, ভারতীয় বাহিনী \"কার্যকরভাবে\" জবাব দিয়েছে এবং সীমান্তে এখন টহল জোরদার করা হয়েছে।

\r\n

এদিকে সম্প্রতি কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে সীমান্তে গোলাগুলির ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

\r\n

অন্যদিকে ভারতের সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপের জেরে বৃহস্পতিবার ইসলামাবাদে জরুরি বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। বৈঠকে বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িক স্থগিত, ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ, এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন স্থগিত।

\r\n

সামরিক প্রস্তুতিও শুরু করেছে পাকিস্তান। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, ভারতের পক্ষ থেকে যেকোনো সময় হামলা হতে পারে—এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সশস্ত্র বাহিনী।

\r\n

একজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে জানান, \"আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছি, তবে ভারতের মতো অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে চাই না।\"