ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার স্বামী ও খ্যাতিমান প্রযোজক ওয়াহিদ সাদিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়ে। পরে জরুরি ভিত্তিতে তার হার্টে দুটি স্টেন্ট প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে বিশ্রামে আছেন।

নিজের অসুস্থতা প্রসঙ্গে গণমাধ্যমে ওয়াহিদ সাদিক জানান, “তিন সপ্তাহ আগে আমার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা দুটি ব্লক শনাক্ত করেন এবং স্টেন্ট বসান। এখন চিকিৎসকের পরামর্শেই বিশ্রাম নিচ্ছি।”

সম্প্রতি শাবানার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছেন ওয়াহিদ সাদিক। তিনি বলেন, “আমি অসুস্থ অবস্থায় আছি। এখন দেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। মাস দুয়েক আগে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ি।”

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে শাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিক ঢাকায় এসেছিলেন। এরপর থেকে তারা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন।

শাবানা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট ছবিতে অভিনয় করলেও ক্যারিয়ারের শীর্ষ অবস্থায় হঠাৎ অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’, যা ১৯৯৭ সালে প্রেক্ষাগৃহে আসে। এরপর থেকেই তিনি পর্দার আড়ালে চলে যান।