কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন দলীয় মনোনয়নবঞ্চিত চার নেতা।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজাউল করিম খান চুন্নু। তিনি বলেন, দেশ, দল ও জনস্বার্থ বিবেচনায় কিশোরগঞ্জ-১ আসনে ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে বাদ দিয়ে বাকি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সৎ, আদর্শবান ও জনবান্ধব কাউকে মনোনয়ন দেওয়া উচিত।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মাজহারুল ইসলাম স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী সরকারের সঙ্গে আঁতাত করে চলায় গত ১৭ বছরে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। অথচ ওই সময়ে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার অনেক ত্যাগী নেতাকে উপেক্ষা করে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নিজের বক্তব্যে রেজাউল করিম খান চুন্নু মাজহারুল ইসলামকে দুর্বল নৈতিকতার ব্যক্তি আখ্যা দিয়ে বলেন, তিনি কিশোরগঞ্জে একজন চিহ্নিত দুর্নীতিপরায়ণ ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।
এছাড়া খালেদ সাইফুল্লাহ সোহেল ও রুহুল হোসাইন তাদের বক্তব্যে মাজহারুল ইসলামকে অযোগ্য দাবি করে তার প্রার্থিতা বাতিল এবং অন্য কাউকে বিএনপির প্রার্থী ঘোষণার আহ্বান জানান। দাবি না মানা হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





