কিশোরগঞ্জ উপজেলার বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে। গুরুতর অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার পর বাজারে জনসমাগমপূর্ণ এলাকায় কয়েকটি কুকুর হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। একপর্যায়ে স্থানীয় জনতা একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে।


আহতদের মধ্যে রয়েছেন, হাফিজুল ইসলাম (৫০), শিশু নাবিল (১০), শাহজালাল ইসলাম (৪০) ও দীপক চন্দ্র রায় (১৯) সহ আরও ১০ জন। শিশু নাবিলসহ চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।


নাবিলের বাবা মিলন হোসেন জানান, বিকেলে ইফতার কিনতে বাজারে গিয়ে তার ছেলে কুকুরের আক্রমণের শিকার হয়েছে।


ভুক্তভোগীদের অভিযোগ, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্কের ভ্যাকসিন পাননি। শাহজালাল ইসলাম জানিয়েছেন, বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে ৫০০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানিয়েছেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন নেই। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


এলাকাবাসী অভিযোগ করেছেন, বাজারে কুকুরের উপদ্রব বেড়েছে, তবে প্রশাসন এখনও কার্যকর পদক্ষেপ নেনি।