রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা এক সপ্তাহের জন্য স্থগিত রাখতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প জানান, তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে অনুরোধ করেছেন কড়া শীতের কারণে কিয়েভ ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এক সপ্তাহের জন্য কোনো সামরিক হামলা চালানো না হোক। তার এই অনুরোধের পর পুতিন রাজি হয়েছেন।

এএফপির খবরে বলা হয়, ইউক্রেনের লাখ লাখ মানুষ শীত ও বিদ্যুৎহীন অবস্থায় জীবন যাপন করছেন। রাশিয়ার সাম্প্রতিক হামলায় বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, ফলে দেশটিতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

এদিকে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং হামলা স্থগিত রাখার বিষয়টি নিশ্চিত করতে ওয়াশিংটনের ওপর আস্থা প্রকাশ করেছেন।