দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া কুমিল্লা-১০ আসন (লালমাই–নাঙ্গলকোট) থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার লিভ টু আপিল খারিজ করে দেয়। এর ফলে হাইকোর্টের আগের রায় বহাল থাকল।
এর আগে ২২ জানুয়ারি গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। ওই প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। পরে নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।
এদিকে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিটও প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ খারিজ করে দেয়। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না।





