কুমিল্লার দেবীদ্বারে একটি মসজিদের মিনারের সিঁড়ির চালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রবাস ফেরত বশির (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (১২ অক্টোবর) বেলা সোয়া ২টায় নারায়ণপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহ মাইক ঠিক করতে মসজিদের সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় মরদেহ দেখতে পান।
বশির উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত রানার আব্দুল হাকিমের ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন এবং প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। পরিবারে তার অসুস্থ মা রোকেয়া বেগম (৭০), স্ত্রী মিতু বেগম (২০) এবং ২.৫ বছরের ছেলে ওবায়দুল্লাহ রয়েছেন।
স্থানীয়রা জানান, দুপুরে বশিরকে মসজিদের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে নামাজ শেষে মাইকের সমস্যা দেখার জন্য উপরে উঠার সময় ইমাম মরদেহ দেখতে পান এবং পরিবারের সদস্যদের খবর দেন।
পরে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ও দেবীদ্বার থানার ওসি মো. মাঈনুদ্দীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। তবে প্রাথমিকভাবে পারিবারিক সমস্যাজনিত কারণে আত্মহত্যার সম্ভাবনা দেখা দিয়েছে।





