সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে ৫টি বসতবাড়ি। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া আকস্মিক ভাঙনে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের পূর্ব পাড়ার ৫টি পরিবার মুহূর্তের মধ্যে ভূমিহীন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ২টার দিকে হঠাৎ করেই নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। বিকেল ৪টা পর্যন্ত এই তাণ্ডবে ফতেহপুর গ্রামের মুসলিম মিয়া, আবুল মিয়া, আব্দুল কায়ের ও আব্দুল মিয়াসহ ৫টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যায়। ভাঙন এখন পর্যন্ত চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সুমন আহমদ জনান, চোখের পলকে একের পর এক বাড়ি নদীগর্ভে বিলীন হতে থাকে। এসময় নিজের বসতঘর রক্ষা করতে গিয়ে আব্দুল মিয়া নামের এক ব্যক্তি নদীতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। মুহূর্তের মধ্যে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তারা এখন সম্পূর্ণ নিঃস্ব ও ভূমিহীন।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে অচিরেই পুরো ফতেহপুর গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে নদী তীরবর্তী মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙন কবলিত এলাকায় সরকারি সহায়তা ও নদী রক্ষায় ব্লক ফেলানোর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।





