কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সমর্থকরা শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ করেছেন।
সকাল সাড়ে ১১টায় তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে এজেন্টদের জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে এবং ফলাফল কারচুপির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তারা ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানান এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
কুষ্টিয়া-৪ আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেন জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট পান, আর বিএনপি প্রার্থী রুমী পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট। এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি, ভোটার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৪০৮ জন, যার মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৪৯৮, নারী ২ লাখ ১০ হাজার ৯০৫ এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।





