কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আব্দুল খালেক (৬০) নামে এক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি/সাবেক বিডিআর)-এর একজন অবসরপ্রাপ্ত সদস্য। এ ঘটনায় তার ছোট ছেলে মানিক মিয়া (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিক মিয়া ঘর থেকে ধারালো ছুরি এনে তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন আব্দুল খালেক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলে মানিক মিয়াকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ হিল জামান জানান, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।