বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় ও চীনের সাধারণ শুল্ক প্রশাসনের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দল নেতৃত্ব দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। চীনের পক্ষে নেতৃত্ব দেন সাধারণ শুল্ক প্রশাসনের উপমন্ত্রী শ্রী ওয়াং লিংজুন।

সোমবার (২৫আগস্ট) রাজধানীর স্টেট গেস্ট হাউস পদ্মায় এই বৈঠকের আয়োজন করা হয়।

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সদ্য চীনের বাজারে বাংলাদেশি তাজা আমের অনুমোদন দেওয়ার বিষয়টি স্বাগত জানিয়ে বলেন, উভয় পক্ষ এই সফলতার ভিত্তিতে নষ্টশীল পণ্যের জন্য প্রক্রিয়া সহজীকরণ, স্বাস্থ্য ও উদ্ভিদ নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার, পরীক্ষণ ও ল্যাবরেটরি ফলাফলের পারস্পরিক স্বীকৃতি এবং ডিজিটাল ট্রেসেবিলিটি ও ঝুঁকি ভিত্তিক ক্লিয়ারেন্স সম্প্রসারণের মাধ্যমে এ সাফল্য বাড়াতে আগ্রহী। কাঁঠাল, পেয়ারা, আলু ও সুগন্ধি ধানের পাইলট চালান সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও ক্রমবর্ধমান অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়। উভয় পক্ষ কৃষি বাণিজ্য উন্নয়ন এবং নতুন সহযোগিতার পথ অনুসন্ধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে রফতানি–আমদানি প্রক্রিয়া সহজীকরণ, অগ্রাধিকার পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্ভিদ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, প্রশিক্ষণ ও যৌথ গবেষণার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের সহযোগিতা কাঠামো গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।