রাঙ্গামাটিতে কৃষকদের সেচ ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে কৃষি কার্ডের মাধ্যমে ডিজেল বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে পাঁচ দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট সার্ভিসও পুনরায় চালু হয়েছে।

রোববার শহরের চারটি তেলের পাম্পের মধ্যে তিনটিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিজেল সরবরাহ করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, সপ্তাহে তিন দিন ডিজেল এবং তিন দিন অকটেন সরবরাহ করা হবে।

কৃষকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচির কারণে দূরবর্তী এলাকা থেকে আসলেও অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। রাজবাড়ীর সিগগুলো চাকমা ও ননী বালা চাকমা অভিযোগ করেন, “প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী তেল দেওয়া উচিত। বর্তমানে একদিন বা দুইদিন অন্তর সেচ দেওয়ার কারণে ধানের চারা শুকিয়ে মারা যায়।”

অন্যদিকে, স্পিডবোট সার্ভিস পুনরায় চালু হওয়ায় কাপ্তাই হ্রদে যাত্রীরা পুনরায় দ্রুত যাতায়াত করতে পারছেন। ফিসারিঘাটের স্পিডবোট লাইনম্যান মো. মহিউদ্দিন বলেন, “তেলের অভাবে কয়েকদিন সার্ভিস বন্ধ ছিল। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় রোববার থেকে স্পিডবোট চলাচল শুরু হয়েছে।”