জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভবিষ্যতের লড়াইয়ে জামায়াত ও বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। তিনি বলেন, অতীতেও বিএনপি কখনও এককভাবে দেশের জনগণকে প্রতিনিধিত্ব করেছে না এবং জামায়াত সংসদে কখনও বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে পারেনি। তাই আগামীর বাংলাদেশে সংসদে স্থিতিশীলতা বজায় রাখা ও বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য এনসিপি ও নতুন প্রজন্মের বড় প্রতিনিধি দল প্রয়োজন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম আরও বলেন, “অভ্যুত্থান বিরোধী শক্তি ছিল আওয়ামী লীগ ও তাদের দোসরা। জুলাই অভ্যুত্থানের সময় আমরা এদের বিরুদ্ধে একসঙ্গে লড়েছি। আগামীর সংসদেও এই ধরনের রাজনৈতিক শক্তির শক্তিশালী অংশগ্রহণ প্রয়োজন। কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে তা দীর্ঘস্থায়ী হবে না। তাই এনসিপি তাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করছে। প্রতিটি জেলায় আমরা জুলাই পদযাত্রা করেছি এবং সকল জেলা ও মহানগরী ইউনিটে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় সভা করেছি।”
তিনি আরও জানান, “আমাদের পদপ্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলে পুঙ্খানুপুঙ্খ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আগামীর বাংলাদেশ ও জনগণের প্রত্যাশা পূরণের জন্য, জুলাই আন্দোলনের চাওয়াগুলো বাস্তবায়নের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুই রাজনৈতিক দলের মধ্যে একটি হিসেবে অংশগ্রহণ করতে চায় এবং সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে চায়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।





