নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ‘শিক্ষার্থী নেতৃত্ব এবং আগামীর ক্যাম্পাস ভাবনা’ শীর্ষক মুক্ত আলাপে উপস্থিত হয়ে ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেছেন, এই ক্যাম্পাসে কখনোই ‘গেস্ট রুম কালচার’ ফিরতে দেওয়া হবে না। তিনি একই সঙ্গে র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির কথা জানান।

 মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে বিভিন্ন ছাত্রসংগঠন এবং ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে “শিক্ষার্থী নেতৃত্ব এবং আগামীর ক্যাম্পাস ভাবনা” শীর্ষক এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

মুক্ত আলাপে উপস্থিত হয়ে নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসান বলেন, এই ক্যাম্পাসে কখনোই ‘গেস্ট রুম কালচার’ ফিরতে দেওয়া হবে না। তিনি র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে ছাত্রদলের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে তারা একটি সুস্থ ও ইতিবাচক রাজনীতির স্বপ্ন দেখেছিলেন। তার ভাষায়, রাজনীতি অধিকার আদায়ের ভাষা এবং এটি কোনো প্রজ্ঞাপন দিয়ে থামিয়ে রাখা যায় না। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল ও গঠনমূলক রাজনৈতিক চর্চার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। নোবিপ্রবিসাসের সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবিসাসের উপদেষ্টা অধ্যাপক এ. এফ. এম আরিফুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।

মুক্ত আলাপে ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ এবং একটি সহনশীল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন।