বরিশালের মেহেন্দীগঞ্জে পৃথক দুটি মাধ্যমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষকসহ অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চরএককরিয়া ও আলীমাবাদ ইউনিয়নের দুটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। বিকট শব্দে মুহূর্তেই ক্লাসরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন সাময়িকভাবে জ্ঞানও হারান।

ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার রাতেই তাদের বাড়ি পাঠানো হয়।

অন্যদিকে একই সময়ে আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনায় আরও আট শিক্ষার্থী আহত হয়। তবে তারা প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠে।

দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতের শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে, কয়েকজন জ্ঞান হারায়।”

পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ফকির বলেন, বজ্রপাতের বিকট শব্দেই শিক্ষার্থীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। তবে চিকিৎসার পর তারা সবাই সুস্থ হয়েছে।

মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল কাদের জানান, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর ছিল না। পর্যবেক্ষণের পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তায় বিদ্যালয়গুলোকে আরও সতর্ক থাকতে হবে।