ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ বিষয়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন একটি শক্তিশালী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যে থাকা প্রতিভা বিকশিত করা অত্যাবশ্যক। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং উদ্ভাবনী প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। তাই পুরো শিক্ষা ব্যবস্থা সময়োপযোগী ও আধুনিকভাবে সাজানো হবে।
তিনি জানান, ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে দেশে বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার জন্য বিএনপি একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে, যা ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এদিকে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্প্রসারণের পদ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত সেমিনারে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষক পদ গঠন করা হবে। তিনি যোগ করেন, যে জাতি ধর্ম ও নৈতিকতার ওপর দৃঢ় থাকে, সেটি পরাজিত হয় না।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে কিছু সংগঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক ও সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নীতি ও নৈতিকতার বাইরে থাকা কোনো জাতি শক্তিশালী হতে পারে না। তিনি আশা প্রকাশ করেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদের উত্থান ও উৎপাত রোধ করা সম্ভব হবে।





