বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই বিভাগ গঠন করা হবে। পাশাপাশি কুমিল্লা অঞ্চলের কৃষি উন্নয়নে খাল খনন প্রকল্প গ্রহণ করা হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, কুমিল্লা অঞ্চলে বহু খাল রয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে এবং পানি ব্যবস্থাপনা উন্নত করতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বিএনপির অতীত শাসনামলের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকারে থাকার সময় নারীদের শিক্ষা ব্যবস্থা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা খরচে চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ৫ হাজার টাকা কৃষিঋণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুদ মওকুফের মতো উদ্যোগ নেওয়া হয়েছিল।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে সমালোচনার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এসব নিয়ে নানা কথা বলা হলেও এতে বিএনপির অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপির লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন। জনগণের জীবনমান ধাপে ধাপে উন্নত করা হবে। এখন যদি মানুষ ১০ শতাংশ ভালো থাকে, তাহলে সেটিকে অন্তত ২০ শতাংশে উন্নীত করার চেষ্টা করা হবে।
জনসভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





