ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে আলোচনার মুখে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলকে তিনি বলেন, ঘটনাটি প্রায় এক মাস আগের। এ বিষয়ে তিনি আগেই দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবেন বলেও জানান।
এর আগে একই দিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. খালিদুজ্জামান বলেন, কয়েকদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়। তবে বিষয়টি ইতোমধ্যে মীমাংসা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সমাধান হওয়া বিষয়টিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল বোঝাবুঝি না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবেন।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, ভিডিওটি এক মাস আগের এবং ঘটনার পরপরই বিষয়টি মীমাংসা করা হয়েছে। জামায়াতের প্রার্থী দুঃখ প্রকাশ করার পর আর কোনো জটিলতা ছিল না বলেও তিনি জানান।
জানা গেছে, আলোচিত ভিডিওটি গত ৬ জানুয়ারি ধারণ করা হয়। প্রায় এক মাস পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। তবে আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ঘটনার কয়েক দিনের মধ্যেই উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং বিষয়টি সমাধান হয়।





