জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সাঁতার গুচ্ছগ্রামে ধানক্ষেত থেকে আশুরা (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
নিহত আশুরা একই গ্রামের বাবলুর (মোফাজ্জলের ছেলে) তালাকপ্রাপ্ত স্ত্রী। জানা যায়, বাবলুর তিন স্ত্রীর মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। ডিভোর্সের পর তিনি নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক আইনে একটি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বাবলু তার সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এমনকি স্থানীয় বাজারেও তাদের একসঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর বাড়ির পাশেই সিরাজুল ইসলামের ধানক্ষেতে তাকে হত্যা করা হয়।
মরদেহ উদ্ধারের সময় আশুরার মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই সন্দেহভাজন বাবলু পলাতক রয়েছে।
এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাবলুর অপর দুই স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক বাবলুকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে





