রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল ৯টায় ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ শুরু হয়েছে। এটি চলবে দুপুর ২টা পর্যন্ত। এতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন। সম্মেলনে সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ দেশের শীর্ষ আলেমরা অংশগ্রহণ করছেন।
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্তরে আয়োজন করা হচ্ছে এই মহাসম্মেলন।
বেলা ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও সমাবেশে যোগ দেন। মঞ্চে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
সম্মেলনকে কেন্দ্র করে ভোর থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, ব্যক্তিগত যানবাহন, বাস ও মেট্রোরেলে অনুষ্ঠানস্থলে পৌঁছান।
মহাসম্মেলনে আন্তর্জাতিক অংশগ্রহণকারীর মধ্যে আছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।
মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।





