যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘটনাকে ‘শাহাদাত’ হিসেবে উল্লেখ করে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান।

ডা. শফিকুর রহমান লেখেন, ইরানের সর্বোচ্চ নেতার শহীদ হওয়ার সংবাদ তাকে গভীরভাবে মর্মাহত করেছে। এই দুঃসময়ে ইরানি জনগণের প্রতি তিনি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। পরিস্থিতি যদি আরও সামরিক সংঘাতে রূপ নেয়, তবে তা শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ ও উদ্বেগ বাড়াবে এবং বিশ্বশান্তিকে আরও হুমকির মুখে ফেলবে।


সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর ভূমিকা নেওয়ারও আহ্বান জানান জামায়াতের আমির।