সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
এ উপলক্ষে সম্প্রতি দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির নাহিদ আল মদিনায় আনোয়ারা–কর্ণফুলী জাতীয়তাবাদী দলের উদ্যোগে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আমিরাত শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ইউএই বিএনপি নেতা এস এম এরশাদুল আলম।
আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তার অনন্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীনতা, দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক। তার মৃত্যুতে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ করা সম্ভব নয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শওকত হায়াত খান, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ বাবুল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন রানা, মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, মোহাম্মদ কামাল, আবু তাহের, কপিল, মোহাম্মদ ফারুক ও আসিফ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ শরীফ আজাদ।
স্মরণ সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান, যেন তারা নিজ নিজ পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করেন। অনুষ্ঠান শেষে খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।





