বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সেখানে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আশা করা হচ্ছে, কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছালে রোববার তাকে লন্ডনে নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসায় যুক্ত থাকলেও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।