ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে তিনটি আসন থেকে প্রার্থী হবেন, সেসব আসনে প্রার্থী না দেওয়ার ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এসব আসনে তারা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে প্রার্থী না দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।


বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


৩০০ আসনেই প্রার্থী দেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, তাহলে জোট গঠনের বিষয়টি বিবেচনা করব।”


প্রার্থীদের তালিকা ঘোষণার সময়সূচি প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।


বেগম খালেদা জিয়া যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেসব আসনে প্রার্থী না দেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের সম্মানে আমরা হয়তো সেই আসনগুলোতে প্রার্থী দেব না। তবে অন্য সব আসনে সর্বাধিক প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।”


এর আগে, মঙ্গলবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বেগম খালেদা জিয়ার বিপক্ষে কোনো আসনে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি।


দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, বেগম খালেদা জিয়ার সম্মানে তিনি যে আসনগুলো থেকে নির্বাচন করবেন, সেখানে আমরা প্রার্থী দেব না। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, মুখ্য সমন্বয়ক আজ বিষয়টি প্রকাশ করেছেন। আগামী সপ্তাহে আমরা এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।”


তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির পক্ষে ছিলেন এবং কখনো আপস করেননি। এজন্য তাঁকে নানা অত্যাচার ও নিপীড়নের মুখে পড়তে হয়েছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগকে সম্মান জানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”