বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং তাকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিতে নতুন একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন থেকে চিকিৎসা সংক্রান্ত সব সিদ্ধান্ত নতুন মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।
ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, লিভার জটিলতা, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসে ভুগছেন। একটি সমস্যা সামাল দিতে গেলেই অন্যটির ওপর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস বজায় রাখতে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। শরীর এখনও সক্রিয় আছে, হাত-পা নড়াচড়া করতে পারছেন এবং দু-একটি কথাও বলেছেন।
পরিবার ও দলের নেতারা জানিয়েছেন, আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার কথাও বিবেচনায় আছে।





