সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। শোকের অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ফুটবলের ম্যাচ স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ কাবাডি ফেডারেশনসহ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) পৃথকভাবে শোক জানিয়েছে।
শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ফেসবুক পোস্টে খালেদা জিয়ার ছবি শেয়ার করে তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন।”
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোকবার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মানুষের জন্য তার অবদান স্মরণীয় থাকবে বলেও উল্লেখ করেন মাশরাফি।
বাংলাদেশের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও শোক প্রকাশ করেন। তিনি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। এই শোকের সময়ে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
সাবেক ওপেনার তামিম ইকবাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীক। মহান আল্লাহ তার আত্মার মাগফিরাত দান করুন।”
সাবেক পেস বোলার রুবেল হোসেন লেখেন, ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এছাড়া তারকা ওপেনার লিটন দাসও শোক প্রকাশ করে মরহুমার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।





