ইবি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ ও সাদা দল।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদ ইবি শাখার সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ।


এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রোকনুজ্জামান ও আবু সাঈদ রনি প্রমুখ। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান।


উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব। জাতীয় ঐক্যের জন্য তাঁর উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। ১৯৮১ সাল থেকে তিনি গণতন্ত্রের নেতৃত্ব দিয়ে আসছেন এবং বহু জুলুম-নির্যাতন সহ্য করেছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনায় আরও বেশি বেশি দোয়া করব। দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি হয়। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।