খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। সাম্প্রতিক সময়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সভা–সমাবেশে প্রচার চালিয়ে তিনি স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসেন। এবার নিজেই নিশ্চিত করলেন, দল তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

কৃষ্ণ নন্দী গণমাধ্যমকে বলেন, “খুলনা–১ আসনের জন্য তারা আমাকে নিশ্চিত করেছে। জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা দিলেই সবাই জানতে পারবেন।”

তিনি জানান, খুব শিগগিরই প্রচারণা শুরু করবেন। “জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আমাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। এরপরই মাঠে নামব,” বলেন তিনি।

কেন্দ্রীয় নেতারা কখন এলাকায় আসতে পারেন জানতে চাইলে তিনি বলেন, “খুব শিগগিরই আসবেন।”

দলের অভ্যন্তরীণ কৌশল ও প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে নানা আলোচনা থাকলেও কৃষ্ণ নন্দী ইতোমধ্যে খুলনায় মাঠপর্যায়ে সক্রিয় হয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনো সতর্ক মন্তব্য করছে জামায়াত। দলের কেন্দ্রীয় এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কৃষ্ণ নন্দী প্রাথমিক আলোচনায় আছেন এবং তার বিষয়ে দলীয় পর্যায়ে ভাবা হচ্ছে। যদিও মনোনয়ন প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

এদিকে খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। শুধু খুলনা–১ আসনটিতেই তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।