জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু ফেসবুকে জানান, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।”
প্রাথমিকভাবে হামলার কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শনাক্তের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা ইনকিলাব মঞ্চের হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর হাদির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।





