খুলনার শিববাড়ী মোড়ের বাবরী চত্বরে ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আয়োজনটি করা হয়েছে।
\r\nসোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ উদ্বোধন হয়। তেলাওয়াত করেন কাজী ইকরামুল কবীর। এরপর ইসলামী সংগীত পরিবেশন করা হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকেও নেতাকর্মীরা এসেছেন। দুপুর ১২টায় সমাবেশ শুরু হয়েছে আর ২টার দিকে জাতীয় নেতারা মঞ্চে উঠে বক্তব্য দেবেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।





