শাহজালাল শ্রাবণ, গংগাচড়া (রংপুর)
রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) রাতে উপজেলার বাগপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসা হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বায়তুলমাল ও সাংগঠনিক পক্ষ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়বিল ইউনিয়ন শাখার আমীর মো. সোহাগ রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে দাওয়াতি কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজ বাড়ানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে বায়তুলমালের কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ক্বারি আইয়ুব আলী, ইউনিয়ন সেক্রেটারি মো. মোরছালুন হক, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মো. আব্দুর রাকিব, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক নেতা মো. মুহিবুল্লাহ রতনসহ স্থানীয় নেতারা।
সমাবেশে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, বায়তুলমালের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।








