ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য। তার বক্তব্যে তিনি বলেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তিনি এই বার্তা দেন।
তারেক রহমান বলেন, দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠান এবং দুর্বল প্রশাসনিক অবস্থা—এসব পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। দেশে কোনো অপশক্তি যাতে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা থাকব। নির্বাচনে অংশ নিয়েছে জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল। প্রতিটি দলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার ও বিরোধীদল যথাযথ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
চেয়ারম্যান আরও বলেন, দেশের গঠনে প্রতিটি গণতান্ত্রিক দলের ভাবনা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ ও মতভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। তিনি বিশ্বাস করেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।





