জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে। দলটির বিরুদ্ধে সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল থেকে হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ আবেদন দাখিল করেন এবং পরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে বারবার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। দলটি দীর্ঘদিন ধরে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকেছে। এছাড়া, জাতীয় পার্টি বরাবরই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন এবং বৈধতা দিয়েছে।

আবেদনকারীরা দাবি করেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনকে সুষ্ঠু ও কলুষমুক্ত রাখতে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সুরক্ষায় জাতীয় পার্টিকে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করা প্রয়োজন। তারা নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।