জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় সংসদ নির্বাচন করাই গ্রহণযোগ্য। তিনি বলেন, অনেকেই শুধু জাতীয় সংসদ নির্বাচন চায়, তাই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যাতে গণপরিষদ নির্বাচন সঠিক সময়ে আয়োজন করা যায়।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন আরও বলেন, দেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের জন্য জনমত গঠন করতে এনসিপি মাঠে কাজ করছে। তিনি জানান, সংক্ষিপ্ত সময়ে দল সারাদেশে বিস্তৃতি লাভ করেছে এবং নির্বাচন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময়সীমা সরকার নির্ধারণ করতে পারে, তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আবশ্যক। দ্রুত এসব নিশ্চিত হলে দ্রুত নির্বাচন করা সম্ভব।
আখতার হোসেন বলেন, নতুন সংবিধানের বাস্তবতা অনুযায়ী গণপরিষদ নির্বাচন শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার যেকোনো সময় গণপরিষদ নির্বাচন আয়োজন করতে পারে এবং সেই উদ্যোগকে তারা স্বাগত জানাবে।
বৃষ্টি উপেক্ষা করে আখতার হোসেন নির্বাচনী এলাকায় চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছা দেউতিসহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ, গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় এনসিপির জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।







