আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের শীর্ষ আলেম সমাজ শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে নারী নির্যাতন ও বিভ্রান্তিকর ফতোয়া প্রত্যাখ্যানের নির্দেশ দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত “গণভোট ও জাতীয় নির্বাচনে আলেম সমাজের ভাবনা” শীর্ষক আলোচনা সভায় এসব বক্তব্য জানানো হয়। সভার আয়োজন করে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ।
আলোচনা সভায় আলেমরা সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর সংঘটিত সহিংসতা ও লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান। তারা নারী নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সভায় নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে কিছু স্বঘোষিত আলেমের মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত ফতোয়াকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়। আলেমরা বলেন, এসব ফতোয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি মূলধারার আলেম সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলেম সমাজ দেশের সংবিধান ও রাষ্ট্রনীতির পরিবর্তনের প্রেক্ষাপটে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের জুমার খুতবায় প্রদত্ত বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
সভায় দুর্নীতি, জবরদখল ও ভোট ক্রয়-বিক্রয়ের মতো অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ১২ ফেব্রুয়ারি এসব অপকর্ম প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। নির্বাচনকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়।
সভা পরিচালনা করেন দেশব্যাপী পরিচিত আলেম ও উস্তাজুল আসাতিজা সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী। প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহীম, ড. খলিলুর রহমান মাদানীসহ দেশব্যাপী পরিচিত বরেণ্য আলেম ও মাশায়েখরা।
সভা শেষে আলেম সমাজ দেশের সংহতি, সাংস্কৃতিক মূল্যবোধ ও প্রকৃত ধর্মীয় কণ্ঠ হিসেবে ঐক্যবদ্ধ ও ন্যায়সংগত ভূমিকা পালন করার অঙ্গীকার করেছেন।





