আসন্ন গণভোটে যেকোনো মূল্যে ‘না’ ভোট পাস করাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জি এম কাদের। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ সরকারি ক্ষমতা ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে জনগণের ওপর ‘হ্যাঁ’ ভোট দেওয়ার চাপ সৃষ্টি করছে।


\r\n

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


\r\n

জি এম কাদের বলেন, প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয়। তাঁর দাবি, ‘হ্যাঁ’ ভোট পাস হলে সংসদ তার সার্বভৌম ও স্বাধীন চরিত্র হারাবে এবং একটি নির্দিষ্ট শক্তির আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হবে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।


\r\n

তিনি আরও অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থীদের মাঠে হুমকি ও ভয়ভীতি দেখানো হলেও নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাঁর মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি, কিন্তু বাস্তবে একটি বিশেষ দলকে সুবিধা দিতে গিয়ে অন্য দলগুলোকে পরিকল্পিতভাবে চাপে রাখা হচ্ছে।


\r\n

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি ক্ষমতার জন্য নয়, দেশের স্বার্থে রাজনীতি করে। দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার এবং ভোটের মর্যাদা রক্ষা করাই দলের প্রধান লক্ষ্য।


\r\n

মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেনসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।