পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীক ‘শাপলা’ নিয়ে অংশ নেবে। তবে প্রয়োজনে যে কোনো রাজনৈতিক জোটের সঙ্গেও তারা যেতে পারে।


নির্বাচন ঘোষিত সময়েই হবে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের গণহত্যার বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।”


তিনি আরও জানান, আন্তর্জাতিক আদালতের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই মামলার রায় হতে পারে। সরকারও জুলাই সনদ বাস্তবায়নের পথে রয়েছে।


শাপলা প্রতীক কেন বেছে নেওয়া হয়েছে জানতে চাইলে সারজিস বলেন, “প্রত্যেক দলই নিজেদের পছন্দের প্রতীক বেছে নেয়। আমাদের পছন্দ শাপলা, নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।”


চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়ে এনসিপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “দেশের স্বার্থে কোনো পদক্ষেপ হলে এনসিপি তাতে আপত্তি করবে না। তবে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হলে আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করব।”


সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। এ সময় এনসিপি নেতা মশিউর আমিনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।