শীতকাল এলেই হৃদরোগ, রক্তচাপ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অসতর্কতা থেকেও বড় বিপদ ঘটতে পারে।
শীতে অনেকেই গরম পানি দিয়ে গোসল করতে পছন্দ করেন। কিন্তু চিকিৎসকদের মতে, নিয়মিত গরম পানি ব্যবহার শরীরের জন্য নীরব বিপদ ডেকে আনতে পারে। এটি ত্বক, হৃদ্পিণ্ড এমনকি পুরুষদের প্রজনন ক্ষমতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পুরুষদের প্রজনন ক্ষমতায় প্রভাব :
গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে গরম পানিতে গোসল করলে পুরুষদের শুক্রাণু উৎপাদন কমে যায়। গরম পানির তাপমাত্রা টেস্টিকলের কার্যক্ষমতা হ্রাস করে, ফলে সন্তান ধারণের সক্ষমতা প্রভাবিত হতে পারে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ঠান্ডা বা কুসুম গরম পানিতে গোসল করাই উত্তম।
হৃদ্রোগের ঝুঁকি বৃদ্ধি :
চিকিৎসকদের মতে, প্রচণ্ড ঠান্ডার পর হঠাৎ গরম পানিতে গোসল করলে রক্তচাপ বেড়ে যেতে পারে, যা হৃদ্পিণ্ডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। যাদের আগে থেকেই হার্টের সমস্যা আছে, তাদের জন্য এটি প্রাণঘাতীও হতে পারে।
ত্বকের ক্ষতি :
গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা শুষে নেয়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, দেখা দেয় চুলকানি, ফাটল ও উজ্জ্বলতা হারানোর সমস্যা। নিয়মিত গরম পানি ব্যবহার করলে এ সমস্যা আরও বাড়তে পারে।
ঠান্ডা পানিতে গোসলের উপকারিতা :
বিশেষজ্ঞরা জানান, ঠান্ডা পানিতে গোসল করলে রক্তসঞ্চালন ঠিক থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর সতেজ থাকে। এটি মানসিক চাপও কমাতে সাহায্য করে।
বাথরুমের দুর্গন্ধ দূর করতে সহজ উপায় :
গরম পানি ব্যবহারের পর বাথরুমে অনেক সময় হালকা দুর্গন্ধ হতে পারে। এ সমস্যা দূর করতে বাথরুমে একটি ছোট ফিটকিরির টুকরো রাখা যেতে পারে। এটি বাতাস বিশুদ্ধ রাখে এবং দুর্গন্ধ শোষণ করে নেয়।
চিকিৎসকরা বলছেন, শীতের সময় শরীরের যত্ন নিতে হলে গোসলের ধরন ও পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখাই সবচেয়ে কার্যকর উপায়।





