গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় গলাচিপা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কাজী খাইরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সাবেক আমির ও পটুয়াখালী-৩ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম।

প্রধান বক্তা ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের জেলা সদস্য অধ্যাপক ইয়াহিয়া খান, মো. মান্নান ও গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের বাইতুলমাল সম্পাদক সিফাতুল্লাহ নাঈম।


অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক মু. শাহ আলম বলেন, “এই ধরনের আয়োজন মেধাবীদের উৎসাহ দেয়। আমাদের দেশে অনেক মেধার জন্ম হচ্ছে, কিন্তু দুঃখজনকভাবে সেগুলো গবেষণায় কাজে লাগানো হচ্ছে না। চিকিৎসকদের উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বে যখন এক ডোজে অ্যান্টিবায়োটিক দেওয়ার গবেষণা চলছে, তখন আমাদের দেশের চিকিৎসকরা কেবল চেম্বারেই সীমাবদ্ধ।”

তিনি আরও বলেন, “এই নতুন প্রজন্মই ভবিষ্যতের পরিবর্তন আনবে। আমরা তাদের দিকে তাকিয়ে আছি। তারা গবেষণায় মনোনিবেশ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।