পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন এলাকায় জ্বালানি তেল ও ভোজ্য তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে।

অদ্য ২১ এপ্রিল ২০২৬ তারিখে র‌্যাব-৮ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পটুয়াখালীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে র‌্যাব সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধ ও পণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখার কার্যক্রম পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার বাদুরা বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪০ ধারা লঙ্ঘন করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রয় করছে এবং অবৈধভাবে মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি সচেতন নাগরিকদের অবৈধ মজুতদার, অতিরিক্ত মুনাফাখোর ও বাজার অস্থিতিশীলতাকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী দৃঢ়ভাবে জানিয়েছে যে, যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম, মজুতদারি ও বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।