গলাচিপা (পটুয়াখালী) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে শনিবার বিকাল ৫টায় পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিক্ষোভ মিছিল করেছে।

বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নির্দেশে পৌর চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জৈনপুরী খানকা ব্রিজ সংলগ্ন স্থানে শেষ হয়। মিছিলকারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন খান বলেন, আসন্ন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে একটি মহল অস্থিরতা সৃষ্টি করছে। তারা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। তিনি সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসময় গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন খন্দকার জানান, হাদির ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তি আওয়ামী লীগের কর্মী ছিলেন। বর্তমানে যে শিবিরের সঙ্গে তিনি যুক্ত, তারও এ ঘটনার নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বিচারের দাবি করছি।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সালাম মৃধা মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।